সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা পরিষদের অর্থায়নে শহীদ মিনার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইতিমধ্যে মাদারীপুরে কয়েকজন কর্মকর্তাকে অপরাধের কারণে কারাভোগ করতে হয়েছে বলেও জানান তিনি।
মনিরুজ্জামান মিয়া বলেন, পুরো বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজানোর দায়িত্ব নিয়েছে সরকার। ‘সবার আগে বাংলাদেশ’ এই ধারণাকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। যারা জনগণকে সেবা দিচ্ছেন, তাদের সেবার মান নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, তফসিল অফিস ও রেজিস্ট্রে অফিসসহ সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণকে প্রত্যাশিত সেবা দিতে পারছে কি না, সেটিই আমাদের মূল লক্ষ্য।
ঢাকা বিভাগীয় কমিশনার আরো বলেন, সরকারের দীর্ঘমেয়াদি অনেক উন্নয়ন প্রকল্প রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। দেশের সবাই একসঙ্গে কাজ করলে উন্নয়ন কার্যক্রম আরও সহজ হবে। এই উন্নয়ন করতে গিয়ে কোন কর্মকর্তা দুর্নীতির সাথে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও ইতিমধ্যে মাদারীপুরের কয়েকজন কর্মকর্তা অনিয়ম করার কারণে আইনের আওতায় এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার, জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
Leave a Reply