প্লাস্টিক দূষণরোধ, পরিবেশ সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের শিবচরে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি অ্যান্ড হিউম্যানিটি (দেশ)-এর উদ্যোগে শিবচরের পদ্মা নদীর বেড়িবাঁধ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
আয়োজক সূত্রে জানা যায়, পদ্মা নদীর বেড়িবাঁধ এলাকায় দর্শনার্থীদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল, পলিথিন ও খাবারের প্যাকেটসহ বিভিন্ন অপচনশীল বর্জ্যে পরিবেশ দূষিত হচ্ছে। এসব বর্জ্য নদী ও জীববৈচিত্র্যের জন্যও হুমকি হয়ে উঠছে। এ বাস্তবতায় জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
অভিযানে অংশগ্রহণকারীরা দলবদ্ধভাবে বেড়িবাঁধ ও আশপাশের এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেটসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেন। একই সঙ্গে যত্রতত্র ময়লা না ফেলা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানোর আহ্বান জানান স্বেচ্ছাসেবীরা।
কর্মসূচিতে মাদবরেরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা ফেরদৌসী, আমজাদ মুন্সি, দেশ সংগঠনের সাধারণ সম্পাদক এস এম দেলোয়ার হোসাইন, সিনিয়র সদস্য মো. মহিউদ্দিন, মাসুদ রানা, শহিদুল ইসলাম, আমেনা আক্তার, কোষাধ্যক্ষ মো. শামীম, হামিদুর, লামিয়া আক্তারসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী শতাধিক মানুষ অংশ নেন।
দেশ সংগঠনের সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, “পরিবেশ রক্ষা কোনো ব্যক্তি বা সংগঠনের একার দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশ ও জীববৈচিত্রের জন্য বড় হুমকি। তাই পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি।”
ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন, “পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। নাগরিক হিসেবে সবাই দায়িত্বশীল আচরণ করলে পরিচ্ছন্ন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও জানান, সরকারের উদ্যোগে প্রতি শনিবার বিভিন্ন স্বচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। শিবচরে প্রথমবারের মতো দেশ সংগঠন এ কর্মসূচিতে অংশ নেওয়ায় তিনি সংগঠনটির প্রশংসা করেন এবং ভবিষ্যতে অন্য সংগঠনগুলোকেও এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
আয়োজক ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্লাস্টিক দূষণ প্রতিরোধ, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন জনপরিসর গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
Leave a Reply