মাদারীপুরে ৭০ বছর বয়সী সৌদি ফেরত কৃষকের বসতঘর আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি জাকির সরদারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে কালকিনি উপজেলার সাহেবরাপুর বাজার থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতার জাকির কালকিনি উপজেলার চর সাহেবরামপুর গ্রামেরমৃত এমদাদুল সরদারের ছেলে
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদিআরব থেকে ফিরে এসে ১০ বছর আগে জমি কিনে কালকিনির ‘চর সাহেবরামপুর’ গ্রামে একটি দোতলা টিনের ঘর নির্মাণ করেন নদীভাঙ্গনের শিকার কৃষক হাবিবুর রহমান হাবলু শিকদার। নিজের ক্রয়কৃত জমি নিয়ে শুরু হয় প্রতিবেশি কামাল মালের সাথে বিরোধ। পরে ২০২২ সালে আদালতে দ্বারস্থ হন হাবলু। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ। পরে কামাল মালের প্রতিবেশি ৫ বছরের এক শিশুকে দিয়ে কৃষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়। ৫ অক্টোবর বিকেলে নির্ধারণ করা হয় আপোষ-মীমাংসা। সেখানে হাবলু উপস্থিত না হলে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে কৃষকের বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে সৌদি ফেরত প্রবাসীর বসতঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায় কামাল ও জাকির শিকদারসহ তাদের লোকজন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এর আগেই পুড়ে যায় কৃষকের বসতঘর। ঘটনার পরদিন ৬ অক্টোবর ১৬ জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর স্ত্রী দোলোয়ারা বেগম। পরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকির সরদারকে গ্রেফতার করে পুলিশ।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, ‘কৃষকের বসতঘর লুটপাট করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়ার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে পাঠানো হয় আদালতে। এ ঘটনায় বাকি আসামিদের শিগগিরই গ্রেফতার করা হবে। এছাড়া তদন্ত শেষ হলে দ্রুত আদালতে চার্জশিট দেয়া হবে।’
Leave a Reply