মাদকের কারণে সমাজব্যবস্থা ভেঙে পড়ছে, বিপর্যন্ত হচ্ছে পারিবারিক জীবন। এর প্রভাব পড়ছে রাষ্ট্রের ভবিষ্যতের ওপরও। তাই মাদক নির্মূলে সরকারসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। রোববার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার নারারকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নারারকান্দি সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহান্দার আলী মিয়া আরো বলেন, ‘মাদক নিয়ে সরকার ও প্রতিটি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। সমাজব্যবস্থা ভেঙে পড়ছে, পরিবারের অবস্থা শোচনীয় হয়ে উঠছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্রের ভবিষ্যৎও অন্ধকারের দিকে যাবে। মাদক বন্ধ করতে না পারলে সমাজের বড় ধরনের ক্ষতি হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ, ভূমিদস্যুতা ও মানব পাচারসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।’
সভায় যুক্তরাজ্যপ্রবাসী রেহান মোল্লার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রাজা। এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুল নেছা, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মাহাবুব আলম কহিনুর, আমিনুল ইসলাম লষ্করসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
Leave a Reply