গোপালগঞ্জের মুকসুদপুরে দলীয় কার্যালয়, সংসদ সদস্যের বাসভবন, থানা ও নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা শহরের সোনালী ব্যাংক মোড়ে আয়োজিত এ সমাবেশ থেকে সহিংসতার নিন্দা জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়, সংসদ সদস্যের বাসভবন, মুকসুদপুর থানা ও দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, বিএনপি জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাস করে না। তবে যেকোনো ধরনের সহিংসতা মোকাবিলায় দলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতার মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুনটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্যসচিব আব্দুল কাইয়ুম মুন্সী, কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন ও উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান।
এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম মুন্সী ও মহাসিন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মুন্সী, দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ, যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক আমিন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী ও সাধারণ সম্পাদক মহাসিন মোল্লাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply