মাদারীপুরে বোরকা পড়ে হামলা চালাতে গিয়ে হামলাকারী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত তাইজুল সরদার (২২) সদর উপজেলার ‘চর কুলপদ্বী’ এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে। তাইজুল হত্যাসহ একাধিক মামলার আসামি বলেও জানা গেছে। আহত মহসিন চৌকিদার ও জহির চৌদিকার কালিনগরের মোতালেব চৌদিকারের ছেলে। অপরদিকে আরেক আহত আল আমিন সরদার সদর উপজেলার কুলপদ্বী এলাকার বারেক সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কালকিনির কালিগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মহসিন ও জহিরসহ আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার। এ সময় ইজিবাইকযোগে বোরকা পড়ে ককটেল বিস্ফোরণ ফাটিয়ে জহির ও মহসিন নামে দুইভাইকে কুপিয়ে জখম করা হয়। পরে হামলাকারীদের ধাওয়া দিয়ে মিলন সরদারের নেতৃত্বে তাইজুল ও আল আমিন নামে দুইজনকে কুপিয়ে জখম করা হয়। আহত ৪ জনকে উদ্ধার করে কালকিনি উাপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। এদিকে গুরুতর আহত দুইভাইকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছে, আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার চেষ্টা করলেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পারতো। কিন্তু তার উপস্থিতিতে এমন ঘটনা বাড়তে পারে এলাকার আরো সংঘাত। এজন্য প্রয়োজন প্রশাসনের কঠোর নজরদারি ও আইনী পদক্ষেপ নেয়া।
নিহত তাইজুলের চাচা সোবাহান সরদার বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যানের নির্দেশেই ১০-২০ জন লোকজন আমার ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে। মিলন ও তার লোকজনের ফাঁসি চাই।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে অথবা পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা। নিহত তাইজুল সরদারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এদিকে এ ব্যাপারে জানতে অভিযুক্ত হাফিজুর রহমান মিলন সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
Leave a Reply