মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ালো দুইপক্ষ। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয়। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। রোববার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত টানা তিনঘন্টা সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের হামবোমা বিস্ফোরনের কয়েকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মুহুর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এরই জেরে রাতে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে দুইপক্ষের মধ্যে চলে সংঘর্ষ। এ সময় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন অন্তত ৫ জন। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ ব্যাপারে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।’
Leave a Reply